আত্মরক্ষার জন্য রুশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ সময় আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যায় বলে কুরআনের শিক্ষার কথা উল্লেখ করেন তিনি।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, সোমবার তুরস্ক সফরে এক প্রেস ব্রিফিংয়ে ইয়েমেনে যুদ্ধ থেকে সরে আসতে সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোসহ সব পক্ষের প্রতি আহ্বান জানান পুতিন।
এ সময় তার পাশে ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এবং ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।
পুতিন কোরআন থেকে সুরা আল ইমরানের একটি আয়াত উল্লেখ করেন। সুরাটির ১০৩ নম্বর আয়াতটিতে বলা হয়েছে, “আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শক্র। তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন। ফলে তাঁর অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছ।”
কোরআনে আরও একটি শিক্ষার কথা পুতিন এ সময় উল্লেখ করেন। যাতে বলা হয়েছে, আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যায়।
এরপরেই হাস্যরসাত্মক সুরে তিনি বলেন, “আত্মরক্ষার জন্য সৌদি আরবেরও উচিত রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা, যেভাবে ইরান এবং তুরস্ক কিনেছে।”
এ দিন তিন রাষ্ট্রনেতার মধ্যে সিরিয়া পরিস্থিতি, ইয়েমেন যুদ্ধ এবং সৌদি আরবে তেলক্ষেত্রে হামলার পরবর্তী অবস্থা নিয়ে আলোচনা হয়।