টেকনাফে মিয়ানমারের ২২২ টি সিমসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে ২২২টি মিয়ানমারের সীমসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে টেকনাফ স্থল বন্দরের প্রধান গেইটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনীর সহযোগিতায় পুলিশ তাদের আটক করেন।

আটক রোহিঙ্গারা হলেন- ট্রলার মাঝি মিয়ানমার মংডু বিচিডিল এলাকার নুরুল আলমের ছেলে নুর হাসান (২২), টেকনাফের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা শিবিরের হোসনের ছেলে সলিম (২৬) ও উখিয়া জামতলি রোহিঙ্গা শিবিরের মেহের শরীফের ছেলে রবি আলম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে মত, টেকনাফ স্থল বন্দরে মিয়ানমারে থেকে আসা ট্রলারে রোহিঙ্গাদের ব্যবহারের জন্য সিম গুলো আনা হয়েছিল। তারই সূত্রধরে মঙ্গলবার মিয়ানমারের ট্রলারমাঝিসহ তিন রোহিঙ্গা সিম নিয়ে যাওয়ার পথে বন্দরের নিরাপত্তা কর্মীরা আটকে দেয়। পরে থানা পুলিশের এসআই সাব্বিরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে আটক করে।  এসময় তাদের কাছে তল্লাশি চালিয়ে ২২২ টি মিয়ানমারের এমপিটি নামে সিম উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসির প্রদীপ কুমার দাস সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মিয়ানমার থেকে নিয়ে আসা সিমসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টেকনাফ স্থল বন্দরের ব্যবস্থাপক মো. জসীম উদ্দীন জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ স্থলবন্দর দিয়ে আসা ট্রলারের মাঝি সহ সন্দেহজনক তিন রোহিঙ্গাকে তল্লাশি করা হয়। এসময় মিয়ানমারের সিম গুলো উদ্ধার করা হয়েছে। পরে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

উল্লেখ্য, টেকনাফ ও উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড রোধে সরকার মোবাইল নেটওয়ার্ক বন্ধ  করে দেয়। তবে রোহিঙ্গারা নিজেদের মাঝে যোগযোগ সক্রিয় রাখতে মিয়ানমারের সিম এনে এখানে ব্যবহার করে যাচ্ছেন। মিয়ানমারের সিম পাচারের সহজ পথ হিসাবে বেছে নেয় টেকনাফ স্থল বন্দরকে।