নবারুণকে নিয়ে কৌশিকের তথ্যচিত্র (ভিডিও)

প্রথাবিরোধী কবি-লেখক নবারুণ ভট্টাচার্যকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা কৌশিক মুখার্জি। ‘কিউ’ নামে পরিচিত এই নির্মাতার দীর্ঘদিনের কাজের ফল ‘নবারুণ’ অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ১৭ সেপ্টেম্বর। ইউটিউবের অডজয়েন্ট চ্যানেল থেকে এই ডকুমেন্টারি রিলিজ দেয়া হয়।

এত দিন এই তথ্যচিত্রটি বিভিন্ন উৎসবে আর প্রদর্শনীতেই ঘুরে বেড়িয়েছে। এবার সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলো।

ডকুমেন্টারির দৈর্ঘ্য এক ঘণ্টা ১৬ মিনিট। নবারুণ ভট্টাচার্যের সাক্ষাৎকারের পাশাপাশি তার সৃষ্ট দু’টি উল্লেখযোগ্য চরিত্র ফ্যাতাড়ু ও মিউচুয়ালম্যানকে মূর্ত হতে দেখা নবারুণ-পাঠকদের জন্য বিশেষ পাওয়াই বটে। বস্তুত ছবিতে ফ্যাতাড়ু ও মিউচুয়ালম্যানের স্থান নবারুণের জীবনযাপন ও দর্শনের প্রতিনিধি হিসেবে দেখা যায়।

এই তথ্য চিত্র সম্পর্কে নির্মাতা কিউ বলেন, ‘এই সিনেমাটা নবারুণদার সাহিত্যের বিশ্লেষণ নয়, তার রাজনৈতিক চেতনার প্রচার বা ব্যাখ্যা নয় বা গুরুদক্ষিণাও নয়। আমার কল্পনার ডিনার টেবিলে যে লোকগুলো সশব্দে মাংসের হাড় চিবোয়, তার মধ্যে নবারুণদাকে রোজ দেখি। সেই টেবিলে বসা অন্য মানুষদের পৃথিবী যে চোখে দেখে, আমি রোজ চাই পৃথিবী নবারুণদাকেও সেই চোখে দেখুক। শুধু বাংলায় লিখেছেন বলে নবারুণদা চিরকাল মোহনবাগানের গোলকিপার হয়ে কাটিয়ে দেবেন সেটা ঠিক নয়। আমার কাছে নবারুণ আরভিন ওয়েলশ, নবারুণ হান্টার এস থমসন, নবারুণ হেনরি মিলার।’