শাহবাগে বিদ্যুৎস্পৃষ্টে ইন্দোনেশিয়ান প্রকৌশলী নিহত

রাজধানীর শাহবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌফিক আহমেদ (৪৫) নামে ইন্দোনেশিয়ার এক প্রকৌশলী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন নিউ রমনা সাবস্টেশনে এ ঘটনা ঘটে। পেশায় যান্ত্রিক প্রকৌশলী তৌফিক নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ডের ভুঁইগড় এলাকায় থাকতেন।

সহকর্মী প্রকৌশলী মো. রাসেল জানান, ১৩২/৩৩ কিলোভোল্টেজ ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রে কাজ করার সময় অসাবধানতাবশত তৌফিক ফ্লোরে পড়ে থাকা তারে জড়িয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে তিনি ও হানিফ মিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, শাহবাগ থানা পুলিশ তৌফিকের লাশের সুরতহাল প্রতিবেদন করেছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে।