অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারি জুমে গতকাল মঙ্গলবার শুরু হলো ‘অনুষঙ্গ’ শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। এতে অংশ নিচ্ছেন শিল্পী নাসরিন জাহান, সাজিয়া রহমান সন্ধ্যা, জাকিয়া আফরোজ, রাজিন মুসতাফা দীপ্র, প্রীতম পিতু, বাপ্পি লিংকন রায়, প্রদীপ সাহা, শারমিন আকতার লীনা, নবরাজ রায়, নাবিলা নবী, পারভেজ হাসান রিগান, কুন্তল বড়াই, এস এম এহসান, ইকবাল বাহার চৌধুরী ও মাহাবুব আলম।
শিল্পী মাহাবুব আলম তার শিল্পকর্মে বৃক্ষরাজি এবং ভূ-প্রকৃতি চিত্রায়িত করেন। ইকবাল বাহার চৌধুরীর বিমূর্ত হস্তশিল্প যেন নিশ্চুপ প্যালেটের এক একটা গল্পের বয়ান। এস এম এহসানের কোলাগ্রাফগুলো বিন্যাসিত, অকপট এবং বক্তব্যসমৃদ্ধ। পারভেজ হাসান রিগ্যানের শিল্পকর্মে রয়েছে রূপকধর্মিতা। এক্রিলিক মাধ্যমের ব্যবহারে শারমিন আকতার লীনা আঁকেন প্রতিনিধিত্বমূলক অবয়ব। প্রদীপ সাহার শিল্পকর্মে পাওয়া যায় এক ধোঁয়াশার আবরণ, যার আড়ালে উঁকি দেয় পাহাড়ের ওপর কুঁড়েঘর এবং প্রকৃতি ও মানবসৃষ্ট স্থাপনার মিথস্ক্রিয়া।
গতকাল মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী হাসান মাহমুদ এবং গ্যালারি শিল্পাঙ্গনের পরিচালক রুমি নোমান। প্রদর্শনীটি চলবে ২৮ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা। শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বনন-এর আবৃত্তি সন্ধ্যা : প্রতিষ্ঠার ৩৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আবৃত্তি সংগঠন স্বনন আয়োজন করেছিল আবৃত্তি সন্ধ্যা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। শুরুতেই ৩৪টি মোমবাতি প্রজ¦লনের মধ্য দিয়ে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন অভিনয় ও বাচিকশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। স্বাগত বক্তৃতা করেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী।