রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা শাহাতাব হোসেন।
নির্বাচনে জাতীয় পার্টি ও মহাজোটের প্রার্থী সাদ এরশাদ লাঙ্গল, বিএনপির রিটা রহমান ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ মোটর বাস, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল দেয়ালঘড়ি ও গণফ্রন্টের প্রার্থী শহিদুল্লাহ মাছ প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের পর নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন প্রার্থীরা। এদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ প্রতীক পাওয়ার পর বাবা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করার মাধ্যমে প্রচার শুরু করেন। এ সময় তার সঙ্গে জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুর রাজ্জাক, যুবসংহতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষণা করা রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন।