তিন দিন অবরুদ্ধ জারা গার্মেন্টের চেয়ারম্যান

বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে রাজধানীর মিরপুরে জারা জিন্স অ্যান্ড নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। তারা গার্মেন্টের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাজুকে গত রবিবার বিকেল থেকে সেখানে অবরুদ্ধ করে রেখেছেন।

গতকাল মঙ্গলবার গার্মেন্টের ভেতরে অর্ধশতাধিক শ্রমিক শান্তিপূর্ণ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আন্দোলনকারী শ্রমিক ইমরান হোসেন মুঠোফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি। চেয়ারম্যান পুলিশের নিরাপত্তা নিয়ে নিজ দপ্তরে কাজ করছেন। তিনি কাল (আজ) বিকেলের মধ্যে আমাদের পাওনা পরিশোধের কথা জানিয়েছেন।’ পাওনা টাকা না নিয়ে তারা ঘরে ফিরে যাবেন না বলেও জানান। শাহআলী থানার ওসি সালাউদ্দিন মিয়া দেশ রূপান্তরকে জানান, গার্মেন্টের ভেতরে রয়েছেন চেয়ারম্যান। তিনি বুধবার বিকেল ৪টার মধ্যে শ্রমিকদের পাওনা ২ কোটি ১৬ লাখ টাকা পরিশোধ করতে চেয়েছেন। কিছুসংখ্যক শ্রমিকও সেখানে শান্তিপূর্ণ অবস্থান করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।