বাঘাইছড়িতে গুলিতে জনসংহতি সমিতির ২ সমর্থক নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের দুর্গম গ্রাম নবছড়ায় প্রতিপক্ষের গুলিতে এমএন লারমা সমর্থিত জনসংহতি সমিতির সমর্থক রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪) নিহত হয়েছে। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।

জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে রিপেল চাকমা ও বর্ষণ চাকমা বাসায় যাওয়ার পথে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের সামনে পড়লে তারা দু’জনকে হত্যা করে। মূলত এরা দু’জন আমাদের দলকে সাপোর্ট করার দায়ে সন্তু লারমার লোকজন তাদের হত্যা করে।’

এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে কারো বক্তব্য পাওয়া যায়নি।

বাঘাইছড়ি থানার ইনচার্জ (ওসি) এমএ মনজুর বলেন, ‘যেখানে ঘটনা ঘটেছে এলাকাটি খুবই দুর্গম। পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ছুফিউল্লাহ বলেন, জনসংহতি সমিতির (এমএন লারমা) দুই সমর্থককে হত্যার ঘটনা জেনেছি। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।