দূর সম্পর্কের আত্মীয় অবিবাহিত ৩৫ বছরের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই বিধবা নারী। দিন দশেক আগে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
তবে বিষয়টি মেনে নিতে পারেননি বিধবার দুই ছেলে। তাকে মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
ভারতের রাজস্থানের নাগাউর জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এই সময়।
অভিযোগ, মাকে মারধর করেই ক্ষান্ত হয়নি ছেলেরা। দুজনের চুলও কেটে নেয় অভিযুক্তরা। মায়ের প্রেমিককে পেটানোর পর মূত্রপান করানোরও চেষ্টা করা হয়।
সোমবার এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তদন্ত শুরু করে। ওই নারী ও তার প্রেমিককে মঙ্গলবার নিমবি যোধা গ্রাম থেকে উদ্ধার করা হয়।
নাগাউরের এএসপি নীতেশ আর্য বলেন, ‘চার দিন আগে ওই নারীকে তার ছেলেরা গ্রামে ফিরে আসতে দেখেন। এরপরই তাদের দুজনকে মারধর শুরু করেন তারা। দুজনকে ন্যাড়া করে দিয়ে প্রেমিককে মূত্র পান করানোরও চেষ্টা করা হয়।’
এঘটনায় ওই নারীর দুই ছেলে মতিনাথ ও রাজনাথকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্তদের পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।