রিয়ালের বিপক্ষে নেই নেইমার-কাভানি-এমবাপে

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। এই লড়াইয়ে পূর্ণ শক্তির দল পাচ্ছে না কোনো দল। পিএসজির আক্রমণভাগ তো একেবারে তারকাশূন্য। নেই নেইমার, এদিনসন কাভানি ও এদিনসন কাভানিদের কেউ।

লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দল দুটি। এই লড়াইয়ে নখ দন্তহীন এক আক্রমণভাগ নিয়ে মাঠে নামবে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার রয়েছেন নিষেধাজ্ঞায়। কাভানি ও এমবাপে এখনো চোট থেকে সেরে ওঠেননি।

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেল মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ থেকে বাদ পড়েছিল পিএসজি। এরপর রেফারিদের সমালোচনায় মুখর হয়েছিলেন নেইমার। এর প্রেক্ষিতে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফলে রিয়াল মাদ্রিদের পর গ্যালাতাসারাই ও ক্লাব ব্রুগের বিপক্ষেও দর্শক হয়ে থাকতে হবে নেইমারকে।

অন্যদিকে, গেল মাসে লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে একই ম্যাচে চোটের কারণে মাঠ ছেড়েছিলেন এমবাপে ও কাভানি। এমবাপে চোট পেয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে, কাভানি কুঁচকিতে। তখন ধারণা করা হয়েছিল, রিয়ালের বিপক্ষে ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন উরুগুইয়ান তারকা। কিন্তু আগের দিন পিএসজি জানিয়ে দিয়েছে, কাভানিকে এখনই মাঠে নামাতে যাচ্ছে না তারা।

এখানেই শেষ নয়, চোট যেন আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে পিএসজিকে। এমবাপে-কাভানির পাশাপাশি ইউলিয়ান ড্রাক্সলার, থিলো কেহরার ও কলিন ডাগবাকেও পাচ্ছে না তারা। চোটের সঙ্গে লড়ছেন তারা সবাই।

এদিকে, উয়েফা চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় জর্জরিত। চোটগ্রস্ত খেলোয়াড়দের লম্বা তালিকায় যোগ হয়েছে আরও একটি নাম-মার্সেলো; পিঠের সমস্যায় ভুগছেন তিনি।

এই ম্যাচে জিদান পাচ্ছেন না আরও কয়েকজন তারকা ফুটবলারকে। চোট থেকে এখনো সেরে ওঠেননি ইসকো, ফেদেরিকো ভালভার্দে ও লুকা মদ্রিচ। আর প্রাক-মৌসুম ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ৯ মাসের জন্য আগেই ছিটকে গেছেন মার্কো আসেনসিও। নিষেধাজ্ঞা থাকায় পিএসজির বিপক্ষে নামতে পারবেন না রিয়াল অধিনায়ক সের্হিও রামোস ও নাচো।