ঝোড়ো শুরুর পর ফিরলেন লিটন

আগের দুই ম্যাচে ব্যর্থ হলেও ভালো শুরুর ইঙ্গিত ছিল লিটন দাসের ব্যাটে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে শুরুতেই ঝড় তুলেন এই ডানহাতি ওপেনার। বাংলাদেশও তাতে পায় উড়ন্ত শুরু। তবে ভালো শুরু এনে দিয়ে ফিরেন এই ওপেনার। তার আগে ফেরেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও।

টস হেরে আগে ব্যাট করতে নেমে লিটনের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৩ ওভারে স্কোরবোর্ডে ৩২ রান যোগ করে টাইগাররা। যার ৩০ রানই ছিল লিটনের। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় সেই ৩০ রান করেন এই ওপেনার। আরেক প্রান্তে অভিষিক্ত নাজমুল হোসেন শান্তর অবদান তখন মাত্র ২। অবশ্য তখন পর্যন্ত মাত্র ৩ বল খেলতে পেরেছিলেন তিনি।

পরে হাত খুলে খেলতে গিয়ে ৯ বলে ১১ রান করে ফিরেছেন শান্ত। পঞ্চম ওভারের পঞ্চম বলে কাইল জার্ভিসের বলে কট অ্যান্ড বোল্ড হন শান্ত। এমপোফুর করা পরের ওভারে তুলে মারতে গিয়ে ক্যাচ হন লিটন। ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন তিনি।

এই প্রতিবেদন লেখার সময় ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫৫/২। সাকিব ৫ ও মুশফিক ০ রান নিয়ে ব্যাট করছেন।