গাড়িতে হেনস্তার পর অ্যাপে থাকা ফোন নম্বরে কল দিয়ে এক নারী যাত্রীকে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে রাইড শেয়ারিং সেবা উবারের একজন চালকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি ‘শ্রী মিঠু’ নামে উবার অ্যাপে চালক হিসেবে নিবন্ধিত।
রোববার মিরপুরের ভাসানটেক বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
তিনি জানান, পল্লবী থেকে ভাসানটেক থানায় যাওয়ার জন্য উবারে কল দিয়েছিলাম। শ্রী মিঠু নামে একজন চালক কল একসেপ্ট করলে আমি তাকে বলি যে, আমরা ভাসানটেক থানায় যাব। উবারের অ্যাপে থানার লোকেশান না দেখানোয় ভাসানটেক বাজারের ঠিকানা দিয়েছি। উনি আমাদের থানা পর্যন্ত পৌঁছে দিতে রাজি হন। ভাসানটেক বাজারের পৌঁছালে উবার চালকের অন্য একটি রাইডের জন্য কল আসে। তখন ওই চালক তাদের থানার পর্যন্ত পৌঁছে দিতে অস্বীকৃতি জানান। তিনি আমাদের বাজারের মধ্যেই নেমে যেতে বলেন। থানা পর্যন্ত পৌঁছে দিতে আমি উনাকে অনুরোধ করলে উনি আমাদের বলেন, রিকশা নিয়ে যেতে। এরপর আমরা যখন তাকে বলি যে আমরা উবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবো তখন সে আমাদের দিকে তাকিয়ে হাসতে থাকে এবং বলে, উবার তাকে সর্বোচ্চ ১৬০০ টাকা জরিমানা করতে পারবে, এর বেশি ক্ষমতা তাদের নেই। আমরা যখন বলি যে উবার হেল্পলাইনে যোগাযোগ করবো, তখন সে বিদ্রুপের হাসি দিয়ে বলে, উবার তাদের হেল্পলাইন বন্ধ করে দিয়েছে।
তিনি জানান, এসময় ওই উবার চালক গাড়ি থেকে নেমে সড়কের পাশে দাঁড়ানো এক পুলিশ সদস্যকে ডেকে আরোহীদের বিরুদ্ধেই অভিযোগ করেন। তবে পুরো ঘটনা শুনে ‘চালক মিথ্যা বলছেন’ সন্দেহ করে ওই পুলিশ সদস্য নারী যাত্রীদের পক্ষেই কথা বলেন।
পরবর্তীতে ভাড়া পরিশোধ করতে গিয়ে দেখা যায় অ্যাপে প্রথমে যে ভাড়া দেখানো হয়েছিল, তা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। ওই নারী বলেন, অ্যাপে যে ভাড়া দেখিয়েছে, আমরা তা দিতে চাইলে ড্রাইভার আমাদের উপর ক্ষেপে যান। তিনি আমাদের গালি-গালাজ করা শুরু করেন আমরা প্রতিবাদ করলে, সে আমার পিঠে থাকা ব্যাগ ধরে টানাটানি শুরু করে।
তিনি জানান, চালকের এমন ‘অস্বাভাবিক এবং আগ্রাসী’ আচরণে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। ঘটনাস্থল ত্যাগ করার পর চালক উবার অ্যাপে থাকা ওই নারীর ফোন নম্বরে ফোন করে তাকে ধর্ষণের হুমকি দেন।
ভুক্তভোগী এই দুই নারী উবার আপের মাধ্যমে এই চালকের বিরুদ্ধে অভিযোগ দিতে গিয়ে দেখেন প্রকৃতপক্ষেই উবারের কোন হেল্পলাইন বা হয়রানির বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনও ব্যবস্থা নেই।
তবে অন্য একটি মাধ্যমে তারা অভিযোগ জানান। উবার কর্তৃপক্ষ পরবর্তীতে অভিযোগকারী নারীর সাথে অ্যাপের মাধ্যমেই যোগাযোগ করে এবং চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানায়।
অভিযুক্ত উবার চালককে বুধবার ফোন দেয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করে এই প্রতিবেদককে বলেন, এই দুই নারী যাত্রী তাদের লোকেশন ভুল করেছিলেন এবং তারা দীর্ঘ সময় তার (চালক) সাথে ‘তর্ক’ করেছেন।
ধর্ষণের হুমকির অভিযোগও অস্বীকার করে ‘শ্রী মিঠু’ নামে এই চালক জানান, উবার তাকে এ ঘটনায় জরিমানা করেছে এবং সোমবারই তার অ্যাপ বন্ধ করে দিয়েছে। তবে মাত্র একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে উত্তরায় উবারের অফিসে গিয়ে ফের অ্যাপটি চালু করেন তিনি।