মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

মাদারীপুর সদর উপজেলার সিদ্দিখোলা চ্যাপলার বাড়ির মোড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও একজন আহত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের সিদ্দিখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কালকিনি উপজেলার ভূরঘাটা থেকে তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে মাদারীপুরে আসছিল। এসময় সিদ্দিখোলা এলাকায় আসলে অপরদি থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন জনই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে।

এসময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতরা হলেন কালকিনি উপজেলার চর ঝাউতলা গ্রামের সামাদ হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার (৩০) ও উত্তর রাজদী গ্রামের জহুর আলী ব্যাপারীর ছেলে মানিক ব্যাপারী (২৮)।  দুর্ঘটনায় আহত বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার জহুর আলী সরদারের মেয়ে লিপি আক্তার (১৮)।

আহত লিপি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিদ্দিখোলা এক চায়ের দোকানদার আউয়ুব আলী জানান, হঠাৎ দেখলাম একটি মোটরসাইকেল এপাড় থেকে ওপাড় যাচ্ছিল সে সময় মস্তফাপুর থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দেখলাম ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে। আমার সবাই ধরে তাদের সদর হাসপাতালে পাঠিয়েছি।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইমরানুর রহমান সনেট বলেন, দুর্ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত তিন জনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে দুইজন হাসপাতালে আনার পূর্বেই মারা যায়। একজনকে আমরা চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেছি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ দুর্ঘটনায় কে যদি আইনগত সহায়তা নিতে চায়, তাহলে পুলিশ সহযোগিতা করবে।