রোহিঙ্গাদের পাসপোর্টে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের পাসপোর্টে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা-সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গারা পাসপোর্ট পাচ্ছে, সেখানে পুলিশ ভেরিফিকেশন হচ্ছে। রোহিঙ্গাদের এসব পাসপোর্ট প্রাপ্তির বিষয়ে পুলিশ জড়িত কি না– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাসপোর্ট প্রক্রিয়ার সঙ্গে শুধু পুলিশ নয়, স্থানীয় চেয়ারম্যান, জন্মসনদ নিবন্ধনকারী, স্থানীয় ওয়ার্ড কমিশনার এই তিন জায়গা পার হয়ে চতুর্থ ধাপে আসে পুলিশ ভেরিফিকেশন। কাজেই ওখানে যদি কোনো কিছু হয়ে থাকে, তা হলে পুলিশ একা দায়ী নয়, তবে পুলিশ এ ব্যাপারে তৎপর’।

তিনি বলেন, রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ করে, তখন আট লাখ রোহিঙ্গাকে বায়োমেট্রিকে নিবন্ধন করা হয়। কিন্তু এরপর আরও তিন লাখ রোহিঙ্গা দেশে ঢzকেছে, তাদের বায়োমেট্রিক হয়নি। তারপরও পাসপোর্ট অফিসের সার্ভার খুবই অত্যাধুনিক। বায়োমেট্রিক না করলেও পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়ছে রোহিঙ্গারা। এত কিছুর পরও সুচতুরভাবে কেউ কেউ অবৈধভাবে রোহিঙ্গাদের পাসপোর্ট দিচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যেকোনো অনিয়মের সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না।