জাতীয় পর্যায়ের শিশু কিশোরদের বৃহত্তম সংগঠন কেন্দ্রীয় খেলাঘরের সম্মেলন ২০-২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় সম্মেলনের অঙ্গীকার হচ্ছে ‘এই দেশটাকে ভালোবেসে এসো, শান্তি সুখের দ্বার খুলি, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলি’।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে খেলাঘর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। দেশব্যাপী শিশু হত্যা, নির্যাতনসহ শিশুদের জন্য সামাজিক প্রতিকূল পরিবেশের কারণে এবার খেলাঘরের অনাড়ম্বরপূর্ণ জাতীয় সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে খেলাঘরের সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক প্রণয় সাহা, আবদুল মতিন ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষাবিদ নিরঞ্জন অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।