বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন ও বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনকে বিএনপির লোক দাবি করে উপাচার্যের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, এই ভিসির মেয়াদে নিয়োগ পাওয়া শিক্ষকরা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে জামায়াত-বিএনপির ভিসি থাকতে পারবে না। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে, বুধবার রাত ১২টার দিকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো বাস্তবায়নের দাবি জানান।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত দাবি মেনে নিয়ে গভীর রাতে এক অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবুও অসন্তোষ প্রকাশ করে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন চালাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা আন্দোলন শুরু করেন। ফাতেমা-তুজ-জিনিয়া ডেইলি সান পত্রিকার প্রতিনিধি। সাংবাদিকদের আন্দোলনের মুখে বুধবার জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারা রাত সাড়ে ৯টায় হল থেকে বের হয়ে আন্দোলন শুরু করে।