মানিকগঞ্জে আগুনে ৫ দোকানের মালামাল পুড়ে ছাই

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী চৌরাস্তা মার্কেটে আগুন লেগে ৫ দোকান পুড়ে ৬০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ৯টায় এ আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, তারা প্রায় ২ ঘণ্টা আগুন নেভানোর চেষ্টা করে। পরে রাত ১১টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১টি বাড়ি, মোটরসাইকেল গ্যারেজ, ফার্মেসি, মুদি ও ২টি চায়ের দোকান পুড়ে যায়। 

রাতেই সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউল আলম, সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম ও বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনে নগদ টাকা, ফ্রিজ, আসবাবপত্র, গয়না ও গ্যারেজের মাল পুড়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।