স্ত্রীর আত্মহত্যার হুমকি পর তাবরেজ হত্যা মামলার নতুন মোড়

ভারতে ঝাড়খণ্ডে পিটুনিতে মুসলিম যুবক তাবরেজ আনসারির নিহতের ঘটনাকে হৃদ্‌রোগে মৃত্যু বলে চালিয়ে দিয়েছিল পুলিশ। সেই প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ১২ জনকে রেহাইও দেওয়া হয়েছিল। এবার এই ঘটনা নতুন মোড় নিয়েছে।

ময়নাতদন্তের নতুন আরেকটি প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

জি নিউজ জানায়, তাবরেজ হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা চলছে, এই অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তোলেন এই মুসলিম যুবকের স্ত্রী শাহিস্তা পারভিন। স্বামীর হত্যাকারীদের বিরুদ্ধে খুনের মামলা না হলে আত্মহত্যার হুমকিও দেন তিনি।

এরপরেই বুধবারের মেডিকেল রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ফের খুনের অভিযোগ এনে নতুন চার্জশিট দাখিল করে পুলিশ।

গত জুন মাসে চোর অপবাদ দিয়ে ১৮ ঘণ্টা ধরে নৃশংসভাবে পেটানো হয় তাবরেজ আনসারি নামে এই যুবককে। জোর করে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ বলতে বাধ্য করা হয় ওই তাকে।

পুলিশে হেফাজতে চিকিৎসা চলাকালীন ২৪ বছর বয়সী এই যুবকের মৃত্যু ঘটে। ঝাড়খণ্ডের খারসাওয়ানের এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ভারত জুড়ে নিন্দার ঝড় উঠে।

পুনেতে দিনমজুরের কাজ করতেন তাবরেজ। ঈদে পরিবারের সঙ্গে কাটাতে তিনি গ্রামে গিয়েছিলেন। সেই সময়ই তার বিয়ের আয়োজন করেছিল পরিবার।

এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও একজন পুলিশের কাছে আত্মসমর্পণ করে। অভিযুক্তদের ওপর অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিশ। কিন্তু এই হত্যাকাণ্ডকে হৃদ্‌রোগে মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়।

তবে ঘটনায় গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয় ২ পুলিশ কর্মকর্তাকে। বুধবার নতুন মেডিকেল রিপোর্ট সামনে আসায় ফের হত্যাকাণ্ডের মামলা ফিরল এই ঘটনাটি।