২০ লাখ পুলিশের তদন্তের পর শনাক্ত কোরিয়ার সিরিয়াল কিলার

৩০ বছর ধরে দক্ষিণ কোরিয়ার ২০ লাখ পুলিশ অফিসার যে মামলার তদন্ত করেছেন, সেটি সমাধান হয়েছে। জাপান টাইমস জানিয়েছে, ১০ জন নারীকে খুন এবং ধর্ষণে দায়ী প্রধান অভিযুক্তকে বৃহস্পতিবার শনাক্ত করেছে দেশটির পুলিশ।

১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত কুখাত্য ওই সিরিয়াল কিলার ১৩ থেকে ৭১ বয়সী দশ নারীকে ধর্ষণ করে। নিহতদের সবাইকে পাওয়া যায় সিওলের দক্ষিণাঞ্চলের শহর ওয়াসংয়ে।

ওই নারীদের কে বা কারা খুন করেছে সেটি জানতে এতদিন ২ মিলিয়ন বা ২০ লাখ পুলিশ তদন্ত চালান। এই সময়ে তারা ২১ হাজার ব্যক্তিকে টার্গেট করেন। তাদের সবার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়। কিন্তু কোনো কূলকিনারা হয়নি।

রহস্যময় এই মামলা নিয়ে ২০০৩ সালে দক্ষিণ কোরিয়ার পরিচালক বং জুন ‘মেমোরিজ অব মার্ডার’ নামে একটি সিনেমা বানান।

১৯৯৪ সালে শ্যালিকাকে খুনের অভিযোগে লি চুন-জেই নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়। সে এখন কারাগারে। পুলিশ জানিয়েছে, এই লি’র ডিএনএ পরীক্ষা করে জানা গেছে, ওই ১০ নারীকেও সে খুন করেছে।

ভুক্তভোগী এক নারীর আন্ডার-ওয়্যার থেকে সংগৃহীত নমুনার সঙ্গে ৫৬ বছর বয়সী লির ডিএনএ মিলে গেছে।

দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান এদিন সাংবাদিকদের বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এতদিন এই খুনির পরিচয় উদ্ধারে ব্যর্থতার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। ঐতিহাসিক এই মামলার রহস্য সমাধান করতে আমরা ৩০ বছর ধরে সর্বোচ্চ চেষ্টা করেছি।’