পশ্চিমবঙ্গে এনআরসির বিষয়ে অমিতের সঙ্গে কথা হয়নি মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এনআরসি তথা নাগরিক তালিকা নিয়ে কোনো কথা হয়নি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বৈঠকের পর মমতা নিজেই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের আগে মমতা বলে যান, তিনি বেঁচে থাকতে বাংলায় এনআরসি করতে দেবেন না। যাদের উদ্দেশ্যে এমন হুংকার দিয়েছিলেন, তাদের সামনে পেয়ে নিজ রাজ্যের কথা না বললেও আসামের বিষয়ে কথা বলেছেন।

এর আগে মোদির সঙ্গে আলোচনায় এ প্রসঙ্গে তার কোনো কথাই হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার অমিত শাহর সঙ্গে বৈঠকের মূল বিষয়ই হয়ে ওঠে সেটি। ১৯ লাখ মানুষ বাদ পড়ায় তিনি নিজের উদ্বেগের কথা কেন্দ্রকে জানিয়েছেন।

লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে এনআরসি করার ‘প্রতিশ্রুতি’ দিয়েছিল বিজেপি। মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর আসামে জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গেও এনআরসি করার ‘হুঁশিয়ারি’ দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা।

মমতা বলছেন তিনি কিছুতেই এটি করতে দেবেন না।