দুই বছরে ১৩টি সিনেপ্লেক্স হবে : পলক

আগামী দুই বছরের মধ্যে দেশের ১৩টি হাই-টেক পার্কের আওতায় একটি করে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন সিনেপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মধুমিতা হলে প্রয়াত অভিনেতা সালমান শাহর জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বরাবরের মতো এবারও দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সারা দেশে ২৮টি হাই-টেক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এগুলোর ১৩টিতে আধুনিক প্রযুক্তির সিনেপ্লেক্স যুক্ত করা হচ্ছে। ২০০-২৫০ আসনবিশিষ্ট সিনেপ্লেক্স হবে এগুলো। গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অনুমতি দিয়েছেন। তিনি আরও বলেন, ‘সালমান শাহ একটি নাম নয়, আমাদের চলচ্চিত্র জগতের অনুপ্রেরণা। তরুণ প্রজন্মের আইকন। যিনি হঠাৎ এসেই বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে খুব তাড়াতাড়িই ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন। সালমান শাহর মৃত্যুতে শূন্যতা পূরণ হয়নি, তিনি বেঁচে থাকলে বাংলা চলচ্চিত্র আরও সমৃদ্ধ হতো।’

সালমান শাহর জন্মোৎসব উপলক্ষে মধুমিতা হলে ২০-২৭ সেপ্টেম্বর ধারাবাহিকভাবে তার সাতটি জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শিত হবে। অনুষ্ঠান উদ্বোধন করেন চিত্রনায়ক শাকিব খান। অন্যদের মধ্যে ছিলেন গান বাংলা টিভি ও টিএম ফিল্মসের চেয়ারম্যান ফারজানা মুন্নী, চিত্রপরিচালক সোহানুর রাহমান সোহান, ছটকু আহমেদ, চিত্রনায়িকা শবনম বুবলী, আইরিন সুলতানা, জাহারা মিতু, কণ্ঠশিল্পী আরিফ, সাব্বির, লুইপারাশেদ, অমৃতা খান, ঐশী প্রমুখ।