প্রধানমন্ত্রীকে কটূক্তি

বিএনপি নেতা দুদুর কুশপুত্তলিকা দাহ ছাত্রলীগের

১৫ আগস্ট নিয়ে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এ দাবি জানানো হয়। এ সময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ ধৃষ্টতা দেখালে তার পিঠের চামড়া থাকবে না।’

শামসুজ্জামান একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘উসকানিমূলক মন্তব্য’ করেছেন বলে অভিযোগ করে ছাত্রলীগ।

ছাত্রলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি বলেন, শামসুজ্জামান ‘টক শো’তে বড় বড় কথা বলেন। তাকে বলব, টক শোতে বড় কথা না বলে পারলে রাজপথে এসে মোকাবিলা করুন। তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা শুরু হয়ে গেছে। শামসুজ্জামানকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ মাঠে থাকবে।’

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আগামীকাল ছাত্রলীগের প্রতিটি ইউনিট থেকে শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হবে। এই সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

এর আগে বিএনপি নেতা শামসুজ্জামানের বক্তব্যের প্রতিবাদে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার চার শীর্ষ নেতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে ছাত্র সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে শামসুজ্জামানের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় ছাত্রলীগ।