রাবি শিক্ষকের বিরুদ্ধে কর্মচারীকে হত্যার হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. বিথীকা বণিক বিভাগের উচ্চমান সহকারী মোসা. জেবুন নেসাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন। একই সঙ্গে বিভাগের সভাপতি ওই শিক্ষকের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন।

জেবুন নেসা জানান, বুধবার দুপুরে বিভাগের সভাপতি ড. বিপুল কুমার বিশ্বাসের সঙ্গে বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. বিথীকা বণিক অসদাচরণ ও অশালীন ভাষায় কথাবার্তা বলতে থাকেন। সে সময় আমি সভাপতির কক্ষের পাশের রুমে বসে দুপুরের খাবার খাচ্ছিলাম। ওই শিক্ষক ‘তুই এখন চেয়্যারমানের চামচা হয়েছিস’ বলে গালিগালাজ করতে থাকেন। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সামনে আমাকে নানা ধরনের হুমকি দিয়ে একপর্যায়ে বলেন, ‘তুই নিচে নাম, তোকে জবাই করে ফেলব।’ এরপর থেকে আমি ও আমার তিন ছেলেমেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।