দুলকার সালমানের ক্রিকেট টিমে ছিলেন বাংলাদেশিরা

মালায়ালাম সিনেমার নায়ক দুলকার সালমান বাংলাদেশেও দারুণ জনপ্রিয়। বাংলাদেশি এক পাগল ভক্ত দুলকারের নামে সন্তানের নাম রাখেন। সেই খবর জেনে বছরখানেক আগে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে দুলকারের দ্বিতীয় হিন্দি ছবি ‘দ্য জোয়া ফ্যাক্টর’। সোনম কাপুরের বিপরীতে এ ছবিতে তাকে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের চরিত্রে। বাস্তব জীবনেও তিনি ক্রিকেট পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্রে থাকাকালে একটি ক্রিকেট দল গড়েছিলেন। যেখানে বাংলাদেশিরাও ছিলেন।

ক্রিকেট খেলার সঙ্গে কতটা পরিচিতি আপনার?- আনন্দবাজার পত্রিকার এমন প্রশ্নের জবাবে দুলকার বলেন, “চেন্নাই শিফট করার পরে গলি ক্রিকেট খুব খেলতাম। পরে যখন বিদেশে পড়াশোনা করতে গিয়েছি- ওখানে পাকিস্তানি, বাংলাদেশিদের নিয়ে একটা ক্রিকেট টিম গড়েছিলাম। প্রত্যেক রবিবার খেলতাম। ক্রিকেট নিয়ে আমার চেয়েও বেশি পাগল আমার স্ত্রী।”

বলা হচ্ছে, ‘দ্য জোয়া ফ্যাক্টর’ সোনম কাপুরের ছবি। নিজের স্ক্রিন প্রেজেন্স নিয়ে সংশয় ছিল?- “সব সময়ে চরিত্রকে গুরুত্ব দিয়েছি, তার দৈর্ঘ্যকে নয়। ‘মহান্তী’ ছবিটি ছিল অভিনেত্রী সাবিত্রীর বায়োপিক। তবু আমার চরিত্রটা সেখানে পাওয়ারফুল ছিল। হিন্দিভাষী দর্শক আমার চেয়ে সোনমকে বেশি চেনেন, সেটা তো জানিই,” বলেন দুলকার সালমান।

এই নায়ক উচ্চ মাধ্যমিকের পর যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি থেকে বাণিজ্য ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি নেন। এরপর কিছুদিন সেখানে চাকরি করেন, পরে দুবাইয়ে প্রযুক্তি ব্যবসায় যুক্ত ছিলেন। মালায়ালাম সুপারস্টার মামুত্তির ছেলে পরে অভিনয়ের জন্য দেশে ফিরে আসেন।