পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্কে এক ব্যক্তির আত্মহত্যা

ভারতের আসামে জাতীয় নাগরিক তালিকা-এনআরসি প্রকাশের পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যেও। রাজ্যটিতেও এনআরসির হওয়ার আশঙ্কায় আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক বাসিন্দা।

টাইমস অব ইন্ডিয়া, শুক্রবার সকালে বাড়ির অদূরে ময়নাগুড়ি রেলগেটের কাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন অন্নদা রায়। পশ্চিমবঙ্গে এনআরসিকে কেন্দ্র করে প্রথম মৃত্যু ঘটল।

পরিবার জানায়, এনআরসি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। জমির মালিকানার পুরোনো দলিল হারিয়ে যাওয়াও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সে কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে ধারণা করছেন তারা।

এদিকে এ ঘটনায় ময়নাগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অন্নদার ভাই মোক্ষদা রায়। এদিকে পুলিশ কর্মকর্তার দাবি, ২-৩ বছর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।