আঁধার কাটল রাজলক্ষ্মী জ্যোতির

সিনেমা মুক্তির ঠিক আগে জানা গেল হল পাচ্ছে না ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। কী হয়েছিল, কেন হল পায়নি সিনেমাটি? সিনেমাটির অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির সঙ্গে কথা বলে সেসব প্রশ্নের উত্তর খুঁজলেন সুদীপ্ত সাইদ খান

কলকাতায় মুক্তি পাচ্ছে জ্যোতিকা জ্যোতির ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। দেশের বাইরের প্রথম সিনেমা মুক্তির আগে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন জ্যোতি। ঢাকঢোল পিটিয়েই ঢাকা-কলকাতা যাতায়াত করছিলেন। সিনেমা মুক্তির কয়েক দিন আগে থেকেই কলকাতায় ঘাঁটি গেড়ে বসেছেন। অংশ নিচ্ছেন প্রচারেও। সবকিছু ঠিকই চলছিল। কিন্তু হঠাৎ করেই সিনেমা মুক্তির ঠিক আগে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ পরিবারে আঁধার নেমে আসে। কলকাতায় হল পায়নি রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। ম্লান হয়ে পড়ে জ্যোতির মুখও।

জ্যোতি কিছুটা বিস্মিত হয়ে সেই হতাশার কথা জানান দিয়েছিলেন ফেইসবুকেও। শুধু জ্যোতি নয়, পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যসহ অন্য কলাকুশলীরাও করেই সরব হয়ে ওঠেন। সিনেমাটির কলাকুশলীরা সরব হতেই দর্শকরাও হুমড়ি খেয়ে পড়েন। কারণ এই যে অন্যায়, সিনে রাজনীতির কবলে পড়ে একটা ভালো সিনেমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে না। সরব হয়ে উঠলেন সিনেপ্রেমীরা।

ঠিক কী কারণে সিনেমাটিকে হল দেওয়া হচ্ছিল না? এমন প্রশ্নের জবাবে জ্যোতিকা জ্যোতি দেশ রূপান্তরকে বলেন, ‘এর পেছনে ঠিক কী কারণ বিদ্যমান, তা জানি না। তবে কলকাতার একটি গোষ্ঠী চাচ্ছিল না সিনেমাটি ভালোভাবে চলুক। এমন না যে আমরা হল পাইনি। হলমালিকদের আগ্রহও ছিল। কিন্তু আমাদের হল দেওয়া হচ্ছিল না। কেন দিচ্ছিল না, কারা দিচ্ছিল না সেসব খোলাখুলি বলাও সম্ভব না।’

জ্যোতি আরও জানান, হল না পেলে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ টিম বিকল্প ব্যবস্থা গ্রহণ করত। তবে তার আগেই আঁধার কেটে গেল রাজলক্ষ্মী ও শ্রীকান্তর। শেষ খবর পর্যন্ত ছবিটি মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর।

এ বিষয়ে জ্যোতি বলেন, ‘সিনেমা মুক্তির ঠিক আগে আমরা যখন হল লিস্ট পেলাম, তখন পরিচালকসহ সবাই অবাক হয়েছিলাম। কারণ হলসংখ্যা মাত্র সাতটি। তাও আবার কলকাতা শহরে একটি হলও নেই। এরপরই প্রদীপ্ত দা ফেইসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টের পর আমরা কলাকুশলীরাও ফেইসবুকে পোস্ট দিই। আমাদের ভাগ্য ভালো, আমাদের পাশে কলকাতার সাংবাদিক থেকে শুরু করে সব ধরনের সিনেপ্রেমী দর্শকরা পাশে দাঁড়িয়েছিলেন। অবস্থা বেগতিক দেখে হল কর্র্তৃপক্ষ নিজেরাই ফোন দেয়। তারা অনুরোধ করে সিনেমাটি এক সপ্তাহ পিছিয়ে দিলে তারা ভালো ভালো হল দেবেন। সেই কারণে সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তারা এও বলেছেন, সিনেমাটি যদি ভালো চলে, তাহলে সামনে পূজা পর্যন্ত তারা সিনেমাটি দেখাবেন।’

প্রথমবার দেশের বাইরের সিনেমার প্রচারণা করতে গিয়ে বেশ ভালোই সাড়া পাচ্ছেন জ্যোতিকা জ্যোতি। কলকাতার সব ধরনের গণমাধ্যমে তার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, ‘এখানে ভালো সাড়া পাচ্ছি। সব ধরনের গণমাধ্যম আমাদের সাপোর্ট দিচ্ছে। ঋত্বিক চক্রবর্তীও প্রচুর সময় দিচ্ছেন। আমাদের পুরো টিমই জানপ্রাণ দিয়ে খাটছে। শুধু আমার জন্য নয়, সিনেমাটি এখন সবার হয়ে গেছে। আর ভিনদেশে এসেও ভালো লাগছে। মনে হচ্ছে না বাইরে আছি। সবাই আমাকে আপন করে নিয়েছে। সবাই উইশ করছে। এটা সত্যিই অন্য ধরনের ভালো লাগার।’

উল্লেখ্য, শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, জ্যোতিকা জ্যোতি, রাহুল বন্দ্যোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ।