হাতিরঝিল লেকে যুবকের ভাসমান লাশ

রাজধানীর হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হবে। তার পরনে ছিল টিশার্ট ও কালো ফুল প্যান্ট। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. রউফ জানান, রামপুরা মহানগর ব্রিজের পশ্চিম পাশে হাতিরঝিল লেক থেকে পানিতে ভাসমান ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। কেউ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। মৃতদেহটি কিছুটা পচে ফুলে গেছে। এর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এসআই জানান, ধারণা করা হচ্ছে ২/৩ দিন আগে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।