ভৌতিক চরিত্রে কারিনা

আনুশকা শেঠির তেলুগু ছবি ‘অরুন্ধতী’ ২০০৯ সালে মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করে। এরপর বাংলাসহ কয়েকটি ভাষায় রিমেক হয়। হিন্দি রিমেকে ভৌতিক সিনেমাটির নায়িকা হতে যাচ্ছেন কারিনা কাপুর খান।

ডেকান ক্রনিকেল এক প্রতিবেদনে জানায়, মূল সিনেমার এক দশক পর বলিউডে নির্মিত হতে যাচ্ছে ‘অরুন্ধতী’। নির্মাতারা মনে করছেন গল্পটি এখনো প্রাসঙ্গিক। তাই এই সিদ্ধান্ত।

এই মুহূর্তে নতুন সিনেমা ও রিয়্যালিটি শো’র দায়িত্ব রয়েছে কারিনার হাতে। যদি তার পক্ষে রিমেক ছবিটি করা সম্ভব না হয়, তবে প্রস্তাব যাবে আনুশকা শর্মার কাছে।

অবশ্য গত বছর প্রাথমিক পরিকল্পনার সময়ই প্রস্তাব দেওয়া হয় বিরাট কোহলির ঘরনিকে। তখন ব্যস্ত শিডিউল ও চুক্তির বাধ্যবাধকতার জন্য আনুশকা ‘হ্যাঁ’ বলতে পারেননি। বর্তমানে সেই বাধা নেই।

মূল ছবিতে দ্বৈত চরিত্র অভিনয় করেন আনুশকা শেঠি। খলনায়ক হিসেবে ছিলেন সোনু সুদ। আরও অভিনয় করেন অর্জন বাজওয়া ও সায়াজি সিন্ধে।

এ দিকে মাতৃত্বের বিরতির পর কারিনা কামব্যাক করেন নারীকেন্দ্রিক ‘ভিরে দি ওয়েডিং’ ছবির মাধ্যমে। ডিসেম্বরে মুক্তি পাবে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’। সম্প্রতি শেষ করেছেন ‘অ্যাংরেজি মিডিয়াম’, এতে আরও আছেন ইরফান খান। আর অক্টোবরে শুরু হচ্ছে আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’।