কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা

রাজধানীর ধানমন্ডি কলাবাগান ক্রীড়াচক্রের চেয়ারম্যান শফিকুল আলমের বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব। ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে তার বিরুদ্ধে দুটি মামলা করে তাকে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে কলাবাগান ক্রীড়া চক্র ক্লাব ভবন থেকে অস্ত্র, ইয়াবা, জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব। এসব সরঞ্জাম ক্লাবটির সভাপতি শফিকুল আলমের অফিস কক্ষে পাওয়া যায়। জব্দ হওয়া বিদেশি পিস্তলটি অবৈধ ও এর কোনো লাইসেন্স নেই।

পরে ওই ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ ৫ জন আটক করে র‌্যাব।

এর আগে ঢাকার ফকিরাপুলে একটি ক্যাসিনোতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৪২ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

ফকিরাপুলের ‘ইয়াংমেনস ক্লাব’ নামের ওই ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে বুধবার গ্রেপ্তার করা হয়। তিনি অস্ত্র ও মাদকের মামলায় এখন ৭ দিনের রিমান্ডে আছেন।