আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হুমায়ুন কবির।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে শনিবার দুপুরে তিনি এ ঘোষণা দেন।
হুমায়ুন কবির বলেন, ‘আমার সন্তানতুল্য শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। কিন্তু আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। তাই নৈতিক দায় থেকে পদত্যাগ করছি।’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি সরাসরি পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তবে মৌখিকভাবে বিষয়টি রেজিস্ট্রারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুদ্দিন আহমেদ বলেন, তিনি এখনো পদত্যাগপত্র জমা দেননি।
এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে সোবহান সড়কে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় উপাচার্যপন্থী লোকজন। এতে কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
হামলার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও অনশনের তৃতীয় দিন শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে প্রশাসন। একইসঙ্গে সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, বুধবার রাত ১২টার দিকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।