২২ বছর আগে বলিউড তারকা সানি দেওল ও কারিশমা কাপুর চেন টেনে ট্রেন থামিয়েছিলেন। এই নিয়ে রেলওয়ে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানা যায়, ১৯৯৭ সালে একটি সিনেমার দৃশ্যায়নের সময় রাজস্থানের নারায়না রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
সানি ও কারিশমা দায়রা আদালতে এই অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন। বুধবার তারা সংশোধিত আবেদন জমা দিয়েছেন।
দুই তারকা ২৪১৩-এ আপলিংক এক্সপ্রেসের জরুরি চেন ধরে টান দেন। ওই সময় সঙ্গে ছিলেন স্ট্যান্টম্যান টিনু ভার্মা ও সতীশ শাহ।
তাদের কারণে ট্রেন ২৫ মিনিট দেরি করে। এ ঘটনায় অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের অভিযোগে বলা হয়, মুম্বাই থেকে শুটিংয়ে আসা কিছু লোক বেআইনিভাবে ট্রেন থামিয়ে দেয়। যার মাধ্যমে তারা রেলওয়ের সেকশন ১৪১, ১৪৫, ১৪৬ ও ১৪৭ অ্যাক্ট লঙ্ঘন করেন।
বেআইনিভাবে ট্রেন চলাচলে বাধা, মাতাল হয়ে বিশৃঙ্খলা, ট্রেনের কর্মকর্তাদের কাজে বিঘ্ন ঘটনাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে এই সব ধারায়।
মামলার পরবর্তী শুনানি হবে ২৪ সেপ্টেম্বর। ওই দিন তিন প্রত্যক্ষদর্শীকেও তলব করেছে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (রেলওয়েস)। তবে দায়রা আদালতে সংশোধিত আবেদনে সানি ও কারিশমা জানান, ২০০৯ সালে বাদ দিলেও রেলওয়ে আদালতে আবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। যা আইনের পরিপন্থী।