ছিনতাইকারীদের হামলায় আহত ভ্যানচালক কিশোর শাহীন দীর্ঘ তিন মাস চিকিৎসা শেষে নিজের বাড়ি ফিরেছে। গত বৃহস্পতিবার চিকিৎসা শেষে সাতক্ষীরার কেশবপুরের মঙ্গলকোট গ্রামের নিজ বাড়িতে ফেরার পর তাকে একনজর দেখার জন্য গ্রামবাসীরা ছুটে আসেন।
মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে শহীন গত ২৮ জুন জীবিকার তাগিদে তার একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা তাকে রক্তাক্ত জখম করে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের জামতলা নামক স্থানে পাট খেতের মাঝখানে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনায় রেফার করা হয়, সেখান থেকে ঢাকা মেডিকেল।
এরপর ঢামেকে চিকিৎসাধীন কিশোর শাহীনের চিকিৎসার সকল ব্যয়ভার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তার উপর হামলাকারীদের ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয় ওয়ার্ড সদস্য জহির রায়হান জানান, শাহীনের শারীরিক অবস্থা এখন ভালোর দিকে। তবে ডান হাতটা প্যারালাইজড রোগীদের মতো। মাথার ক্ষত পুরোপুরিভাবে শুকালে এই সমস্যা ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক্তার।
শাহীনের বাবা-মা ছেলেকে আর ভ্যানগাড়ি চালাতে দিতে চান না। তাদের ইচ্ছা ছেলে লেখাপড়া শিখে ভালো চাকরি করবে। নিজেদের বসতভিটার জায়গা ও ভালো ঘর না থাকায় ইউপি সদস্য জহির রায়হানের কাছে একটা ঘরের দাবি জানিয়েছে শাহীনের পরিবার।