অধিনায়ক সাকিব আল হাসানের দৃঢ়চেতা ব্যাটিংয়ে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার আফগানদের ৪ উইকেটে হারায় টাইগাররা। ছয় বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে টানা চার হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ।
দলীয় ১২ রানেই দুই ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত উইকেট ছাড়া হলে হারের শঙ্কা দানা বাঁধে বাংলাদেশের। সুবিধা করতে পারেননি অন্য ব্যাটসম্যানরাও। দুই অঙ্ক স্পর্শ করার আগেই বিদায় হন মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও আফিফ হোসেন।
স্রোতের বিপরীতে ব্যাট চালিয়েছেন সাকিব। ৪৫ বলে আট চার ও এক ছক্কায় তার ৭০ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। সাকিবের সঙ্গে ছোট তবে কার্যকরী ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুশফিকুর রহিম (২৬) ও মোসাদ্দেক হোসেন (১৯*)
আফগানিস্তানের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন টি-টোয়েন্টিতে অভিষিক্ত নাভিন-উল-হক ও রশিদ খান।
এর আগে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৩৮ রান করে টসে হারা আফগানিস্তান। হযরতউল্লাহ জাজাই করেন ৪৭ রান। অন্যদের মধ্যে রহমানউল্লাহ গুরবাজ ২৯, শফিউল্লাহ ২৩* ও নাজিবুল্লাহ জাদরান ১৪ রান করেন।
বাংলাদেশ দলের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন আফিফ। একটি করে উইকেট নেন মোস্তাফিজ, সাকিব, সাইফউদ্দিন ও শফিউল ইসলাম।
ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে দল দুটির প্রথম দেখায় আফগানদের কাছে ২৫ রানে হেরেছিল সাকিবের দল। এই জয়ে সেই হারেরই প্রতিশোধ নিল তারা।
এই জয়ে লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করল বাংলাদেশ। চার ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট ৬। আফগানিস্তানের ৪।
আগামী মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।