রাজধানী ঢাকায় অবৈধ ক্যাসিনো খোলা বিএনপির শাসনামলে শুরু হয়েছিল বলে ক্ষমতাসীনদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যদি ক্যাসিনো-জুয়া বিএনপির সময়ে শুরু হয়ে থাকে এই সরকার তো ক্ষমতায় ১২ বছর, তারা কেন এই অবৈধ ক্যাসিনো ব্যবসাকে এতদিন ধরল না? যদি বিএনপির সময় এই ধরনের ক্যাসিনো ব্যবসা থাকত, তাহলে ১/১১ সরকারের সময়ে ধরা পড়ত।
খন্দকার মোশাররফ বলেন, সামান্য যুবলীগ পরিচয়ধারী একজন ছোট নেতার কাছে যদি বিপুল পরিমাণ অবৈধ টাকা, মাদক থাকে তাহলে রাঘব বোয়ালদের কাছে কী পরিমাণ আছে। তারা চাঁদাবাজি করে অবৈধ ক্যাসিনো আর অনৈতিক কাজে মগ্ন থাকে। এখন থলের বিড়াল বের হতে শুরু করেছে, আরও বের হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত মানববন্ধনে সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়। তারা ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করছে। ব্যাংক লুটপাট, শেয়ারবাজার থেকে টাকা লুট, চাঁদাবাজিসহ হাজারো অনৈতিক কাজে জড়িত রয়েছে।
ওলামা দলের আহ্বায়ক পীরজাদা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, আবু নাসের রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।