অবৈধ গ্যাস সংযোগ

গাজীপুর সদর উপজেলা আ. লীগ সভাপতির বিরুদ্ধে মামলা

সরকারি কাজে বাধা, হুমকি দেওয়া, অনুমতি ছাড়া গ্যাসলাইন স্থাপন ও অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলালসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার জয়দেবপুর থানায় মামলাটি করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুর আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব।

মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন দুলালসহ বিবাদীরা ভাওয়াল মির্জাপুর ও পার্শ্ববর্তী কিছু এলাকায় কর্র্তৃপক্ষের অনুমতি ব্যতীত অবৈধভাবে গ্যাস বিতরণ লাইন স্থাপন করেন। প্রায় ১২শ গ্রাহক এই অবৈধ সংযোগের ব্যবহার করেছে। এটি ২০১০ সালের বাংলাদেশ গ্যাস আইনের ১২ (১) ও ১৯ তৎসহ ১৮৬/১৮৯ পেনাল কোডজনিত অপরাধ। এরূপ অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে বিবাদীরা রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষতিসাধন করেছে এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়েছে। মামলার অন্য বিবাদীরা হলেনÑ একই এলাকার মো. লুৎফর রহমান, শাহজাহান সিরাজ, মো. মতিউর রহমান প্রমুখ।