সচিবালয়ের মতো অন্যান্য দপ্তরে কর্মরত উচ্চমান সহকারী, প্রধান সহকারী, সহকারী ও সমপদের প্রশাসনিক কর্মকর্তা পদবি বাস্তবায়নসহ দশম গ্রেড বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি কেএম বদিউজ্জামান বলেন, সচিবালয়ের ভেতরে-বাইরে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সহকারী পদের পদবি ও বেতন স্কেল এক এবং অভিন্ন। কিন্তু তৎকালীন সরকার ১৯৯৫, ৯৭ ও ৯৯ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে শুধু সচিবালয়ের বর্ণিত পদগুলো আপগ্রেডের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তাসহ দশম গ্রেডে উন্নীত করে। বাকি দপ্তরে না করায় পদবি ও বেতন বৈষম্য সৃষ্টি হয়। তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্টেও এসব পদ আপগ্রেড করা হয়েছে। আমরা এ বৈষম্যের অবসান চাই।