প্রথমে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়াতে খুব সময় নেয়নি জুভেন্টাস। গোল করানোর পাশাপাশি নিজেও জালের দেখা পেয়েছেন দলটির তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভেরোনার বিপক্ষে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছেড়েছে সেরি আ চ্যাম্পিয়নরা।
তুরিনোর আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে ইতালির শীর্ষ লিগের ম্যাচটিতে ভেরোনাকে ২-১ গোলে হারায় জুভেন্টাস। অ্যারন রামসি ম্যাচে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন রোনালদো।
ম্যাচের কুড়িতম মিনিটে পর্তুগাল মিডফিল্ডার মিগুয়েল ভেলসোর গোলে এগিয়ে যায় অতিথি ভেরোনা। এগারো মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় জুভেন্টাস। রোনালদোর পাসে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোলটি করেন রামসি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে নেন রোনালদো। পেনাল্টি শট থেকে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ডি-বক্সে হুয়ান কুয়াদরাদো ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ম্যাচের বাকি আর কোনো গোল হয়নি।
দুই ম্যাচ পর জয়ে ফিরল জুভেন্টাস। সেরি আ ফিওরেন্তিনার সঙ্গে গোলশূন্য ড্র করার পর গত বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ২-২ গোল ড্র করেছিল মাওরিসিও সাররির দল।
ভেরোনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে উভেন্টাস। চার ম্যাচে দলটির পয়েন্ট ১০।
দিনের অপর ম্যাচে এসি মিলানের মাঠে ২-০ গোলে জয় পাওয়া ইন্টার মিলান আছে শীর্ষে। চার ম্যাচের সবকটিতে জয় নিয়ে তাদের পয়েন্ট ১২।