রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রোবটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
সকাল ৯টায় প্রতিযোগিতাটির উদ্বোধন করবেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতাটি ৫টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো- পোস্টার প্রেজেন্টেশন, প্রোজেক্ট শোকেজ, রোবো রেসলিং, মাড রোভার ও স্পিড ব্যাটেল। উদ্বোধনের পর পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। এরপর বাকি ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে। দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
ওইদিন বিকেল ৫টায় প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দশজনকে পুরস্কৃত করা হবে। এ ছাড়াও প্রতিটি ইভেন্টের বিজয়ী টিমদের সর্বমোট ২ লাখ ১৮ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হবে।
প্রতিযোগিতাটিতে মিডিয়া পার্টনার দৈনিক ‘দেশ রূপান্তর’। এ ছাড়া টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
মেকাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সজল কুমার দাস বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি পাবে, যা পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবে।’