বড় বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে ছোট বোনকে ধর্ষণ করল যুবলীগ নেতা

মানিকগঞ্জে ঘিওরে এক কিশোরীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ইন্টানেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কামরুল হাসান কামাল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ঘিওর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

রোববার দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ওই যুবলীগ নেতা। তার রিমান্ড না মঞ্জুর করে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার কিশোরীর বাবা থানায় মামলা করার পর শনিবার রাতেই কামালকে গ্রেপ্তার করা হয়।

কিশোরীর বাবা বলেন, কিছুদিন আগে আমার বড় মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে যায় কামাল আমার বাড়িতে। তার আন্তরিক ব্যবহারে আমার পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠে। সে সূত্রে আমার ছোট মেয়েকে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যেত কামাল।

মামলার অভিযোগে জানা গেছে, দুই মাস আগে কামাল ওই কিশোরীকে নিয়ে ঢাকায় বেড়াতে যায়। সেখানে একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠে। হোটেল রুমে কামাল ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে এবং ভিডিও করে। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত তাকে ধর্ষণ করত কামাল।

অভিযোগে বলা হয়েছে, সেই ভিডিও লোকমারফৎ দেখতে পান কিশোরীর বাবা। শনিবার তিনি ঘিওর থানায় বাদি হয়ে মামলা করেন।