রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২জন নিহত

রাজধানীর কুর্মিটোলা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবক ও ৮ মাস বয়সের এক শিশু নিহত হয়েছে।

রবিবার রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙাপ্রেস এলাকায় নিহত হয় ৮ মাসের শিশু খাদিজার এবং শনিবার দিবাগত রাত ১১টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে অজ্ঞাতনামা (২২) এক যুবকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।

ক্যান্টনমেন্ট থানার এসআই আবু রায়হান জানান, শনিবার দিবাগত রাত ১১টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশের রাস্তায় পায়ে হেঁটে পার হওয়ার সময় যানবাহনের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় ওই যুবক। পরে খবর পেয়ে রাত সাড়ে ১১টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে যাত্রাবাড়ী থানার এসআই হরিচাঁদ হাজরা জানান, ডেমরা কোনাপাড়া মেহেন্দিবাড়ি এলাকার রবিউল হাসানের মেয়ে খাদিজা। মায়ের নাম পারভিন আক্তার। রবিবার সকালে পারভিন মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জ পাগলায় যায় তার মায়ের বাসায়। সকাল ১০টার দিকে সেখান থেকে বাসায় ফেরার পথে ভাঙাপ্রেস ময়লার রাস্তায় লেগুনায় ওঠার সময় মায়ের কোল থেকে হাত ফসকে পড়ে যায় শিশুটি। পাকা রাস্তায় পড়ে শিশুটি মাথায় মারাত্মক আঘাত পায় এবং রক্তক্ষরণ হতে থাকে। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঢামেক সূত্র জানায়, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের দাবিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।