টেলিভিশন টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি মো. রবিউল হোসেন রুবেল। গতকাল রবিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে মামলাটি করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলাটি দুপুরে আদালত গ্রহণ করে বিকেলে আদেশ দেওয়া হবে বলে জানায়। বাদীর আইনজীবী মো. একরাম হোসেন ডালিম বলেন, ‘দুদু রাষ্ট্রদ্রোহিতা করেছেন। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে বলে আশা করছি।’
জেলা ছাত্রলীগ সভাপতি রুবেল অভিযোগে বলেন, শামসুজ্জামান দুদু একাধিক জ্বালাও-পোড়াও মামলার চিহ্নিত আসামি। তিনি গত ১৬ সেপ্টেম্বর রাতে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজে ‘ছাত্রদল থেকে কাউন্সিল : বিএনপির ভাবনা’ শীর্ষক টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, সেভাবে শেখ হাসিনার বিদায় হবে।’ তার এই বক্তব্য প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ততার প্রমাণ।