প্রথম গানেই মন কাড়লেন মিমি (ভিডিও)

ইউটিউবে প্রকাশ হলো কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীর অভিষেক অ্যালবাম ‘ড্রিমস’-এর প্রথম গান। ‘আনজানা’ শিরোনামের সিঙ্গল ভিডিও আকারে উন্মুক্ত হতেই মন কেড়েছে শ্রোতা-দর্শকদের।

ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বেশ কিছুদিন আগেই জানিয়েছিলেন এ নায়িকা ও তৃণমূলের সাংসদ। কথা দিয়েছিলেন, নতুনভাবে দর্শকদের সামনে আসবেন। সেই কথা রাখলেন মিমি।

রবিবার মিমি চক্রবর্তী ক্রিয়েশনের চ্যানেলে প্রকাশ পায় প্রথম গান ‘আনজানা’।

ভিডিওটি শুট করা হয়েছে তুরস্কে। দৃশ্যায়নেরও স্মার্টনেস এনেছেন মিমি, গানে ব্যবহার করা হয়েছে হট এয়ার বেলুন।

লোকসভা নির্বাচনের সময় যাদবপুরের প্রচার থেকে দিল্লির সাক্ষাৎকার সব জায়গায় একটাই অনুরোধ ছিল গান গাইতে হবে অভিনেত্রীকে। সেই আবদার হাসি মুখে মিটিয়েছিলেন তিনি।

‘আনজানা’র কথা লিখেছেন রাজীব দত্ত, সুর দিয়েছেন ডাব্বু। আর মিউজিক ভিডিওর নেপথ্যে রয়েছেন বাবা যাদব, তিনি কোরিওগ্রাফি করেছেন এই গানে।

‘মন জানে না’ ছবিতে প্লেব্যাক করেছিলেন মিমি চক্রবর্তী। তখন থেকেই ইচ্ছা ছিল অ্যালবাম প্রকাশের। আস্তে আস্তে বাস্তবায়িত করলেন স্বপ্নকে।