গো-মাংস বিক্রি সন্দেহে গণপিটুনিতে খ্রিস্টান যুবক নিহত

ভারতে ঝাড়খণ্ডে গো-মাংস বিক্রির অভিযোগে গণপিটুনিতে এক খ্রিস্টান যুবকের মৃত্যু ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছে আরও দুই যুবক।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ঝাড়খণ্ডের খুন্তি জেলায় এ ঘটনা ঘটে। হোয়াটসঅ্যাপে গো-মাংস বিক্রির খবর ছড়ানোর পর জালটান্ডা সুয়ারি গ্রামে এ তিনজনের ওপর চড়াও হয় ১২-১৫ জনের একটি দল।

পুলিশ জানায়, উত্তেজিত জনতাকে দেখে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন ওই তিনজন। তাদের গণপিটুনিতে মৃত্যু হয় কালান্তুস বারলা নামে এক যুবকের। আহতরা হলেন ফাগু কাচ্চাপন্দ ও ফিলিপ হাহোরো। তারা তিনজনই আদিবাসী খ্রিস্টান।

কোন ঘটনা থেকে গণপিটুনির সূত্রপাত, তা এখনো স্পষ্ট নয় বলে এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান। এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগে গত জুনে ঝাড়খণ্ডে পিটুনিতে নিহত হয়েছিল মুসলিম যুবক তাবরেজ আনসারি। চোর অপবাদ দিয়ে ১৮ ঘণ্টা ধরে নৃশংসভাবে পেটানো হয় তাকে। জোর করে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ বলতে বাধ্য করা হয় তাবরেজকে।