আইপিএল কেলেঙ্কারি আর বিশ্বকাপে ‘বিতর্কিত কাণ্ড’ করে ভারতীয় এবং বিশ্ব ক্রিকেট থেকে বিতাড়িত হওয়া এন শ্রীনিবাসন আবার আলোচনায় এসেছেন। তামিলনাড়ু ক্রিকেট সংস্থায় তার মেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
ভারতীয় গণমাধ্যম মনে করছে, কোনো পদে না থাকলেও মেয়ে রুপা গুরুনাথের প্রভাব খাটিয়ে নিজের জায়গা দখল করার চেষ্টা করবেন শ্রীনিবাসন। টিএনসিতে ২৬ সেপ্টেম্বর নির্বাচন।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হলেও রুপার বিরুদ্ধে কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না।
শ্রীনি-কন্যা রুপার স্বামী গুরুনাথ মইয়াপ্পানকে সারা জীবনের জন্য নির্বাসিত করেছে ভারতীয় বোর্ড। ২০১৩ আইপিএলে স্পট ফিক্সিংয়ের অপরাধে তাকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তাই প্রেসিডেন্ট পদে রুপার দাঁড়ানোর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন টিএনসিএ কর্তারা। কিন্তু রবিবার টিএনসি-এর বৈঠকে ঠিক করা হয় রুপার বিরুদ্ধে কোনো প্রার্থী দেবে না বিরোধী গোষ্ঠী।
২০১৫ বিশ্বকাপ ফাইনালের পর এই শ্রীনিবাসনের কারণে আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন বাংলাদেশের মুস্তফা কামাল। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে তার ট্রফি তুলে দেওয়ার কথা থাকলেও সেদিন তা দেন তার অধস্তন কর্মকর্তা আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন! এ নিয়ে ওই সময় তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।