গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী কৃষকের উপর হামলা, মারধরের ঘটনায় সাঁওতালরা সড়ক অবরোধ করেছে বলে খবর পাওয়া গেছে।
রোববার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের চারা বটগাছ নামক স্থানে সড়কে শুয়ে পড়ে সাঁওতালরা সড়ক অবরোধ করে রাখেন। পরে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আশ্বাস পেয়ে তারা অবরোধ উঠিয়ে নেন।
অবরোধকারীরা অভিযোগ করেন, সকাল সাড়ে ৮টার দিকে রংপুর চিনি কল সাহেবগঞ্জ খামারের ভেতর দিয়ে কয়েকজন সাঁওতাল কৃষক হেঁটে গেলে টহলরত আনসার সদস্যরা অকারণেই আব্দুল খালেদ ও টাটু নামে দুজনকে মারধর করে।
এ ঘটনার প্রতিবাদ জানাতে ও জড়িতদের শাস্তি দাবি করে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ সড়ক অবরোধ করেন।
অবরোধের খবরে স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মারধরের সঙ্গে জড়িত আনসার সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরে সাঁওতালরা সড়ক অবরোধ তুলে নেন।