নদীতে নেমে টিকটক ভিডিও, স্রোতে ভেসে গেল যুবক

ভারী বৃষ্টিতে পানির স্রোতে বিপজ্জনক হয়ে উঠেছিল নদী। তার মধ্যে নদীতে নেমে টিকটকে ভিডিও ধারণ করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় এক যুবক।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের তেলেঙ্গানার গোনুপোপ্প‌ুলা গ্রামে এই ঘটনা ঘটেছে। স্রোতে ভেসে যাওয়া ওই যুবকের নাম ইন্দ্রপুরম দীনেশ। তিন দিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় কাপ্পালাভাগু নামে একটি পাহাড়ি নদীতে দুই বন্ধুসহ টিকটক ভিডিও ধারণ করতে যান দীনেশ। কয়েক দিন ধরে ভারী বৃষ্টির কারণে রীতিমতো ফুঁসছিল নদী। এর মধ্যে নদীতে নেমে ভিডিও ধারণ করা শুরু করে তিনজন। এমন সময় পানির স্রোতে ভেসে যায় তারা। ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসীরা দুজনকে উদ্ধার করতে পারলেও ভেসে যান ২২ বছরের দীনেশ।

ভেসে যাওয়ার তিন দিন পর রবিবার দীনেশের মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের হাতে তার মৃতদেহ তুলে দেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, এটি নিছকই দুর্ঘটনা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।