মিসরে সিসি বিরোধী বিক্ষোভে অংশ নেয়ায় গ্রেপ্তার ৩৫০

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি বিরোধী বিক্ষোভ করায় ৩৫৬ জন ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে। কায়রো ভিত্তিক একটি বেসরকারি সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু।

দুর্নীতির অভিযোগ এনে শুক্রবার প্রেসিডেন্ট সিসির পদত্যাগের দাবিতে তাহরির স্কয়ারসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এক বিবৃতিতে ইজিপ্সিয়ান ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস (ইসিআরএফ) জানায়, বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ২০ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ৩৫৬ জন গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন মানবাধিকার আইনজীবী মাহিনুর এল-মাসরি। অনেক সাংবাদিক ও তরুণ শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়। 

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট সিসিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেন মিসরীয় অভিনেতা ও ব্যবসায়ী মোহাম্মদ আলী।

সিরিজ ভিডিওতে তিনি দাবি করেন, দেশ অর্থনৈতিক সংকটে থাকলেও সিসি কীভাবে বিলাসী জীবন যাপন করছেন।

এরপর টুইটার ও ফেসবুক ওয়াল সিসির পদত্যাগ চেয়ে করা হ্যাশট্যাগে সয়লাব হয়ে যায়। ডাক দেওয়া হয় গণবিক্ষোভের। এই আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার রাজধানী কায়রোসহ বেশ কয়েকটি শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ।

বিক্ষোভ দমনে কায়রোতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ। সেদিনই আটক করে বেশ কয়েকজনকে। বিক্ষোভকে কেন্দ্র করে তাহরির স্কয়ারে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিক্ষোভের মুখোমুখি হলেন জেনারেল কাম প্রেসিডেন্ট সিসি। অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করে একে ‘মিথ্যা’ এবং ‘অপবাদ’ বলে দাবি করেন তিনি।

সাবেক এই সেনাপ্রধান ২০১৩ সালে মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে এক রক্তাক্ত সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন। তার বিরুদ্ধে অভিযোগ, ওই সময় নিরাপত্তা বাহিনী কয়েক হাজার সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীকে হত্যা করে।