ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্যাডে নুরুল হক নুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে এবং কর্তৃত্ববাদী পরিবেশ কায়ম করার উদ্দেশ্যে ছাত্রলীগ কয়েকবার বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করেছে।
সোমবার ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ছাত্রদল নেতাকর্মীদের মারধর করে ছাত্রলীগ। এসময় তিন সাংবাদিকও মারধরের শিকার হন।
হামলায় ৩০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত দাসের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
নুরুল হক নুর হামলায় আহত সাংবাদিকদের নাম উল্লেখ করে এ ঘটনার নিন্দা জানান। তিনি সাম্প্রতিক দুটি আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন।
এর প্রতিবাদে নুরুল হক নুর প্রেস বিজ্ঞপ্তিতে এ হামলার বিচার দাবি করেন এবং সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে ক্যাম্পাসর গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।