ব্রিটিশ পর্যটন কোম্পানি টমাস কুক দেউলিয়া

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের সবচেয়ে পুরনো অবকাশ পর্যটন কোম্পানি টমাস কুককে দেউলিয়া ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাজ্যের বেসামরিক বিমান পরিবহন কর্র্তৃপক্ষ (সিএএ) বলছে, বিশ্বজুড়ে পর্যটন পরিচালনাকারী এই কোম্পানি ‘তাৎক্ষণিক সব বিক্রি’ বন্ধ করে দিয়েছে।

এই ঘোষণার ফলে এ মুহূর্তে বিদেশে থাকা দেড় লাখের বেশি ব্রিটিশ পর্যটককে দেশে ফেরানোর জন্য নতুন করে ফ্লাইটের ব্যবস্থা করতে হবে। এটা শান্তিকালীন সময়ে সবচেয়ে বড় ব্রিটিশ প্রত্যাবাসন। যুদ্ধ পরিস্থিতি ছাড়া এর আগে সরকারকে এত ব্রিটিশ নাগরিককে একসঙ্গে দেশে ফেরানোর আয়োজন করতে হয়নি। টমাস কুকের প্রধান নির্বাহী পিটার ফ্যাংকহসার বলেন, ১৭৮ বছরের পুরনো এই কোম্পানির এ রকম পতন ‘গভীর আক্ষেপের বিষয়’। তিনি কোম্পানিকে বাধ্যতামূলকভাবে দেউলিয়া ঘোষণা করার কথা জানিয়ে লাখ লাখ গ্রাহক ও কয়েক হাজার কর্মীর কাছে ক্ষমা চেয়েছেন।