চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সুস্থ বিনোদনের উদ্দেশ্যে সরকারি অনুমোদনপ্রাপ্ত ক্লাবগুলোতে খেলাধুলা বাদে যদি জুয়ার আসর বসানো হয়, আমি এর পক্ষে নেই এবং এজন্য তীব্র প্রতিবাদ জানাই। গতকাল সোমবার দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির উদ্দিন বলেন, জুয়া, মদ, ক্যাসিনো বসিয়ে ক্লাব পরিচালনার কথা কোথাও নেই। আমাদের সংবিধান ও পবিত্র ইসলাম ধর্মে নেই। ইসলাম ধর্মে জুয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটা জায়েজ করার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রিয় ভ্রাতা শহীদ শেখ কামাল যিনি অনেক বড় ক্রীড়া সংগঠক ছিলেন, তার নাম ব্যবহার করে জুয়ার আসর বসিয়ে ক্লাব চালাবে এটা কোনোভাবেই কাম্য নয়। এখানে বিভ্রান্ত হওয়ারও সুযোগ নেই। যারা জুয়ার বোর্ড বসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সিটি মেয়র আরও বলেন, প্রথমত আমাদের নিজেদের শুধরাতে হবে। যদি আমি মদ ও জুয়ার সঙ্গে জড়িত না থাকি, তাহলে আমার বুকে সাহস থাকবে। ব্যক্তিগতভাবে ১৯৮৫ সাল থেকে আমিও ক্লাব চালাই। আমি চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। দীর্ঘদিন থেকে সভাপতি পদে আছি। ব্রাদার্স ইউনিয়ন এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে জানান তিনি।